উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় এবং উদ্যোগটি দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সওজ অধিদপ্তরের প্রস্তাবিত এই রুটটি বেছে নেওয়া হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল ও ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে, যার ফলে যাতায়াতের সময় ও খরচ উভয়ই কমবে। নদীবেষ্টিত ভোলার মানুষের দীর্ঘদিনের নৌপথের ওপর নির্ভরতা কমিয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে এই সমন্বিত সড়কব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
এদিকে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থাসংক্রান্ত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার ওপর জোর দেন। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।