উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের পর মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন। আগে মন্ত্রিসভা ছিল ৪৮ সদস্যের—প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী।
তুলনামূলক কম কাজের পরিধির মন্ত্রণালয়েও মন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টারা দায়িত্ব পালন করছেন। আবার কোনো কোনো মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এমনকি কেউ কেউ একাই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। তখন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন ১০ জন এবং তিনজন বিশেষ সহকারী রয়েছেন। সম্প্রতি মন্ত্রিসভায় নতুন পাঁচজন সদস্য যুক্ত হওয়া এবং একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।