উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চলমান চরম ভোগান্তির আপাত সুরাহা হতে চলেছে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিবোঝাই একটি ট্যাংকার জাহাজ আজ শনিবার দুপুরে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে পৌঁছেছে। নতুন যোগান চলে আসার কিছুক্ষণ পরেই এক্সিলারেট টার্মিনালে আগে থেকে জমা থাকা এলএনজি থেকে জাতীয় গ্রিডের পাইপ লাইনে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়। আগামীকাল রোববার সকাল নাগাদ টার্মিনালটি থেকে পুরোদমে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সঙ্কট কাটাতে দরপত্র ছাড়াই ডিপিএম পদ্ধতিতে এলএনজি আমদানির ক্রয়াদেশ দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সব জাহাজের সিডিউল নিশ্চিত করা যায়নি। এদিকে, নাইজেরিয়া থেকে ছেড়ে আসা অপর একটি এলএনজি ট্যাংকার গত বৃহস্পতিবার সামিটের টার্মিনালে পৌঁছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার স্পট মার্কেট থেকে দ্রুত দুই জাহাজ এলএনজি ক্রয় করে দ্রুত সরবরাহ লাইনে নিয়ে আসার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে আজকের ট্যাংকারটি এসেছে এবং আগামী ২৬ আগস্ট আরো একটি এলএনজি ট্যাংকার পৌঁছার সিডিউল রয়েছে বলে জানা গেছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের চট্টগ্রামস্থ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, এলএনজি কার্গোবোঝাই নতুন জাহাজ এমএলএনজি টার্মিনালে নোঙ্গর করেছে দুপুর নাগাদ। জাহাজটি থেকে রাত ১০টা নাগাদ এলএনজি এফএসআরইউতে স্থানান্তর শুরু হবে। এক্সিলারেটের এমএলএনজি টার্মিনালে বিদ্যমান এলএনজি থেকে জাতীয় গ্রিডে বেলা ২টা নাগাদ ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে দু’টি টার্মিনাল থেকে ৬৭০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। দুটি টার্মিনালের সক্ষমতা অনুযায়ী ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেতে আগামীকাল রোববার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পেট্রোবাংলার ডিজিএম তারিকুল ইসলাম খান জানান, একটি এলএনজি কার্গো জাহাজ আজ শনিবার এমএলএনজি টার্মিনালে বার্থিং নিয়েছে। স্পট মার্কেট থেকে কেনা এলএনজি ভাসমান টার্মিনালে স্থানান্তরের কথা জানিয়ে তিনি বলেন দীর্ঘ এক মাসের বেশি সময় পর অবশেষে স্বাভাবিক হতে চলেছে গ্যাস সরবরাহ ব্যবস্থা। তবে এই স্বাভাবিক অবস্থার স্থায়িত্ব কতদিন হবে সেটা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এছাড়া আগামী ২৬ আগস্ট স্পট মার্কেট থেকে কেনা আরো একটি এলএনজি কার্গো জাহাজ পৌঁছার কথা রয়েছে বলে তিনি জানান।