উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও বর্তমান এপিবিএন প্রধান হাসিব আজিজকে নিয়ে ঘটা ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারির পর পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলামকে বদলি করা হয়েছে। রোববার ২৩ আগস্ট সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাকে সিটি এসবিতে বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত করা হয়েছে ওসি মোজাম্মেল হককে। একই আদেশে আরও বেশ কিছু থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে যার মধ্যে কাউন্টার টেররিজম ইউনিটের নুর আহমদকে কর্ণফুলী থানায় এবং মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্তে জানা যায়, সাবেক কমিশনার হাসিব আজিজের ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে সিএমপির বদলি ও পদায়নে প্রভাব খাটাতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জিয়ান এবং দুই ওসি বাবুল আজাদ ও জাহেদুল ইসলাম। এই চক্রের অন্যতম সদস্য বাবুল আজাদকে আগেই ওসি পদ থেকে সরিয়ে মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছিল। প্রশাসনিক এই পদায়ন ও বদলির দেনদরবার চূড়ান্ত হওয়ার পর জিয়ানকে দিয়ে সাবেক কমিশনারের কাছে ফোন করিয়ে কাঙ্ক্ষিত অফিস আদেশ আদায় করা হতো।
মূলত কোন থানায় কাকে ওসি হিসেবে নিয়োগ বা অপসারণ করা হবে, সেই বিষয়ে পুরো নিয়ন্ত্রণ ছিল এই প্রভাবশালী চক্রের হাতে। সিএমপির তৎকালীন কর্মকর্তারা বিষয়টি অবগত থাকলেও গোপন ভিডিও প্রকাশের আশঙ্কায় প্রকাশ্যে কোনো প্রতিবাদ করার সাহস পাননি। এই ঘটনার জেরে সাম্প্রতিক প্রশাসনিক রদবদলে নতুন কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।