উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে শিক্ষা কূটনীতি সেবা চালু করার প্রস্তাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে নারী শ্রমিকদের জন্য একটি বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব করা হয়েছে, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি জানিয়েছে। আজ রোববার সংসদীয় কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম তুলে ধরা হয়। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জনকে আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হলেও নতুন কোনো তথ্য জানানো হয়নি। ১৬ আগস্ট দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতিই বহাল রয়েছে, যেখানে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক অপরাধীদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিসাবরক্ষণ ব্যবস্থা স্বচ্ছ ও আধুনিক করা এবং দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দেওয়া হয়। তবে কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে, সরকারদলীয় একাধিক সদস্যের তাড়াহুড়োর কারণে কোনো আলোচ্য সূচি শেষ হয়নি এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।