উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি কুশসহ হোসাইন আব্দুল কাদের শেখ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৩ আগস্ট) বিকালে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ২টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় অধিদপ্তরের একটি বিশেষ দল। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসা ৪৮ বছর বয়সি আব্দুল কাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে বিমানবন্দরে বিভিন্ন সংস্থার সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে কৌশলে লুকানো তিন কেজি কুশ উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চারশ ডলার, এক হাজার ৫৫০ থাই বাথ এবং চারশ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেনেছে, বাংলাদেশে কয়েকজন ব্যক্তির যোগসাজশে অভিযুক্তের থাকার বন্দোবস্ত ও মাদক চোরাকারবারে সহযোগিতা করার কথা ছিল। কাদের শেখ ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা এবং তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।