উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
মানিকগঞ্জের গোলড়ায় অবস্থিত আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ক্যাটাগরির শিক্ষণীয় বিজ্ঞান ও রোবোটিক্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট (রবিবার) সকাল ১০টা থেকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অষ্টম ও পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানসূচক ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা বিজ্ঞান ও রোবোটিক্স নির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট তৈরি করে প্রদর্শন করে। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের তৈরি এসব প্রজেক্ট ঘুরে দেখেন এবং তাদের প্রখর মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আরা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) জনাব গৌরাঙ্গকুমার শম্ভু বাড়াইয়া, আকিজ স্কুল অ্যান্ড কলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর রেজওয়ান আফরোজ স্বরণী, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) মোঃ সালাহউদ্দিন, মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রজেক্ট প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দল এবং এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষার বিভিন্ন ক্যাটাগরির কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটাতে এ ধরনের বিজ্ঞান ও প্রজেক্ট প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপস্থিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।