উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো: আবদুর রহমান খানের ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে তাকে বিশ্বব্যাংকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি বিকল্প নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
নতুন দায়িত্বে তিনি বিশ্বব্যাংকের ঋণ, উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার সংক্রান্ত কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে ভূমিকা রাখবেন।