উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি বিভিন্ন দপ্তর ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং তাদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের দাবি জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সনাতন পার্টির এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
সভায় সুব্রত চৌধুরী বলেন, অতীতে বড় বড় নিয়োগে হিন্দু বা বৌদ্ধ সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব ছিল না। রাষ্ট্রের বড় বড় পদে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা তাঁদের সাংবিধানিক অধিকার। একই সঙ্গে তিনি সংখ্যালঘুদের জানমাল, ধর্মীয় উপাসনালয় ও সম্পদের সুরক্ষায় পৃথক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ ও দায়িত্ব পালনে বৈষম্যের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ডিসি, এসপি, সচিবসহ গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে বৈষম্যের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সংগঠনের উপদেষ্টা প্রণবানন্দ মহারাজ গাইবান্ধার পলাশবাড়ীতে দেবতা শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দ্রুত মুক্তি দাবি করেন। বাংলাদেশ সনাতন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অনুপ কুমার দত্তের সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।