উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন আরও পাঁচজন সদস্য এবং একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান। নতুনদের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
নতুন এই রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এই পদটি শূন্য হয়েছিল। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এই মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। অন্যদিকে, আগের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে।
নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয় এবং হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা না হলেও রাতের মধ্যেই তা জারি করা হবে।