উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক চাহিদাসমূহ পূরণে যথাযথ পদক্ষেপ না নিলে সরকারের প্রতি জনগণের সহযোগিতা থাকবে না।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এ কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরে যারাই ক্ষমতায় ছিল তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। সন্তানহারা মায়েদের চিৎকার এবং বিদেশে টাকা পাচার বন্ধ হয়নি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ যারা দেশ পরিচালনা করেছে, তাদের নীতি আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনি। একমাত্র ইসলামই মানুষকে শান্তির পথ দেখাতে পারে।
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান চরমোনাই পীর। সম্মেলন শেষে আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।