উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীন ও বাংলাদেশের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। চীনের কুনমিংয়ে শুরু হওয়া এক ফল উৎসবে বাংলাদেশের তাজা কৃষিপণ্য ও ফলের প্রতি আগ্রহ দেখিয়েছেন চীনা ব্যবসায়ীরা। আগামী ২৩ আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে বাংলাদেশ সহ-আয়োজক হিসেবে অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ রানু বলেন, বাংলাদেশ ও ইউনানের মধ্যে ‘থ্রি ফ্রিস অ্যান্ড থ্রি ফ্যাসিলিটেশনস’ নীতির আওতায় সহযোগিতা আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে জাতীয় ফল কাঁঠাল চীনে রফতানির জন্য উদ্ভিদ স্বাস্থ্যবিধি প্রটোকল স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি আরও জানান, বাংলাদেশের আম ইতোমধ্যে চীনের বাজারে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে পেয়ারা ও অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ফল রফতানির সম্ভাবনা রয়েছে। ইউনানকে বাংলাদেশের তাজা কৃষিপণ্যের জন্য চীনের একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি।
‘বড় বাজার ভাগাভাগি, চীনে রফতানি’ স্লোগান নিয়ে আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছে চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, লাওস ও থাইল্যান্ড। মেলায় দর্শনার্থীরা বিভিন্ন দেশের ফল, কৃষিপণ্য, কফি ও ফুল দেখার পাশাপাশি তা কেনার সুযোগ পাচ্ছেন।