উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের মালিকানাধীন ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসার গ্যারেজ থেকে এটি উদ্ধার করা হয়।
ডিবি জানিয়েছে, এই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪০) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।
ডিসি ইলিয়াস কবির জানান, যে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেখানে নিজেকে ইতালিপ্রবাসী পরিচয় দিয়ে ভাড়া থাকতেন সাগর বাড়ৈ। উত্তরায় ছিনতাইয়ের পর মোটরসাইকেলটি ওই বাসার গ্যারেজে রেখে তিনি পালিয়ে যান। সাগরের তথ্যের ভিত্তিতে প্রথমে গোপালগঞ্জে অভিযান চালানো হলেও পরে খিলগাঁও থেকে এটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উত্তরার এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় ডিবি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি এবং র্যাবও তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সাগর বাড়ৈ ও জলিল নামের দুই আসামি ডিবির রিমান্ডে রয়েছেন এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।