উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ এবং পর্যটন কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তিতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের অংশ হিসেবেই বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬টি দল অংশ নেয়। পরে সোয়ারীঘাটে ভেড়ানো শতবর্ষী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।