উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শপথবাক্য পাঠ করান।
নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। এঁদের মধ্যে রশিদুজ্জামান মিল্লাত আগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে নতুন দুই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আর শামীম কায়সার গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনের দরবার হলে প্রথমে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশের সংবিধান ও আইনের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্যের অঙ্গীকার করেন নতুন মন্ত্রীরা।