উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাসহ প্রায় ১২ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। শপথগ্রহণ পর্ব শেষে রাত ৮টার পর থেকে আমন্ত্রিত অতিথিরা একে একে বঙ্গভবন ছাড়তে শুরু করেন। এ সময় বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। শপথগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।