উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ সরকারের মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথে মির্জা ফখরুল বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহীত আচরণ করিব।’
এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ৩৪৩ জন সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
৭৮ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি কৃষি ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণকারী এই রাজনীতিক একসময় শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন।