উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে ডিএমপি।
অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।