উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার ২১ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই শুভেচ্ছা জানান।
হেফাজত নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি মহান আল্লাহর ওপর আস্থা, ন্যায়বিচার ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা রক্ষায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনের মাধ্যমে দেশে শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ সুদৃঢ় হবে। এছাড়া রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং রাজনৈতিক সৌহার্দ্য স্থাপনে তিনি অভিভাবকের ভূমিকা পালন করবেন বলে হেফাজত নেতারা আশা প্রকাশ করেন।
পরিশেষে, হেফাজতের আমির ও মহাসচিব নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। দেশ ও জনগণের কল্যাণে তিনি যেন সফলভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সেই প্রার্থনাও করেছেন তারা।