উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের কুনমিংয়ে শুরু হয়েছে আঞ্চলিক কৃষি ও বাণিজ্য উৎসব, যা চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। ‘বড় বাজার ভাগাভাগি, চীনে রপ্তানি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মেলায় বাংলাদেশসহ চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, লাওস ও থাইল্যান্ডের মতো দেশগুলো অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ রানু জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী চীন সফরকালে কাঁঠাল রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্যবিধি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে এবং আম ইতোমধ্যে চীনের বাজারে প্রবেশ করেছে।
শাহনাজ রানু আরও উল্লেখ করেন, ভবিষ্যতে পেয়ারা ও অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ফল রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। ইউনান প্রদেশকে বাংলাদেশি কৃষিপণ্যের জন্য গুরুত্বপূর্ণ বাজার হিসেবে অভিহিত করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতায় দুই দেশের কৃষি বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় দর্শনার্থীরা বিভিন্ন দেশের ফল, কৃষিপণ্য, কফি ও ফুল দেখার পাশাপাশি কেনার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসব অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।