উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা। বিকেল থেকেই তাদের পতাকাবাহী গাড়ি বঙ্গভবনে প্রবেশ করতে দেখা গেছে। অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে ঢাকা মহানগর পুলিশ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বঙ্গভবনের বাইরেও উৎসুক সাধারণ মানুষকে অনুষ্ঠান ঘিরে আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে।