উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের সদস্যদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সমর্থনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। শুক্রবার সন্ধ্যায় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক এক অভিনন্দন পত্রের মাধ্যমে এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের প্রশংসা করা হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র থেকে মন্ত্রী এবং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার এই অভিযাত্রাকে গৌরবোজ্জ্বল হিসেবে উল্লেখ করেন চেম্বার সভাপতি। তার সততা, মেধা ও প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নেতৃত্বে দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
চিটাগাং চেম্বার মনে করে, ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য পূরণে রাষ্ট্রপতির অভিভাবকত্ব ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতা কামনা করেছেন ব্যবসায়ীরা।
দেশের অর্থনীতির প্রবেশদ্বার হিসেবে পরিচিত চট্টগ্রামের বাণিজ্যিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতীয় অর্থনীতির বিকাশে বেসরকারি খাতের অবদানকে আরও সুদৃঢ় করতে নবনির্বাচিত রাষ্ট্রপতির বাস্তবমুখী পরামর্শ ও দিকনির্দেশনা প্রত্যাশা করেছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।