উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানে বারো শতাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ট্রাফিক ব্যবস্থার বিশেষ নিয়ন্ত্রণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথ নিতে বঙ্গভবনে রওনা হওয়ার আগে শুক্রবার জুমার নামাজের পর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।