উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। শুক্রবার ২১ আগস্ট বেলা ১১টায় বসিলায় র্যাব-২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেনেভা ক্যাম্পের চুয়া সেলিম, মাহী গ্রুপের জয় এবং রতন ওরফে বোমা রতন।
র্যাব জানায়, হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চুয়া সেলিমের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১১০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও খুনসহ বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রণ করে আসছিলেন।
চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে এবং তিনি ও তার সহযোগীরা চাঁদাবাজিতে জড়িত ছিলেন। এছাড়া বিজলী মহল্লা এলাকা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী বোমা রতনকে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।
র্যাব জানায়, বোমা রতন দীর্ঘদিন ধরে গজনবী রোড ও বসিলা এলাকায় ডাকাতি ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।