উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গভবনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিআইপি অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া, দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো বিকল্প পথ ব্যবহার করবে।
হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বিধায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।