উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১৩১ জন এবং ওয়ারী বিভাগে ৯১ জন আটক হয়েছেন। এছাড়া তেজগাঁওয়ে ৫১, উত্তরায় ৫৯, মতিঝিলে ৪৮, গুলশানে ৪৫, রমনায় ৩৬, লালবাগে ৩১, গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে। এছাড়া নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও ট্রাকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।