উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা স্কোর ছিল ৯৬। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিন দূষিত বায়ুর তালিকায় শীর্ষে অবস্থান করছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর এবং ১৮০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বাহরাইনের রাজধানী মানামা ১৬২ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৫৭ স্কোর নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও ভারতের নয়া দিল্লি।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক শূন্য থেকে ৫০ হলে ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।