উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে রিকশায় বাড়ি ফেরার পথে মোহাম্মদ সাকিব (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাকিব চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সাকিব রিকশায় করে বাড়ি ফিরছিলেন। মোহরা এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত কয়েকজন যুবক সাকিবের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।