উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে শিশুদের হামে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর পেছনে অপুষ্টি ও টিকার ঘাটতিই প্রধান কারণ হিসেবে কাজ করছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশই প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ পায়নি।
এছাড়া আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই কোনো-না-কোনো মাত্রার অপুষ্টির শিকার ছিল, যার মধ্যে ১২ শতাংশ তীব্র এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে ভুগছিল। গবেষণার তথ্য অনুযায়ী, ৯ মাসের কম বয়সি এবং নিয়মিত টিকা থেকে বঞ্চিত শিশুদের মধ্যে হামের সংক্রমণ প্রায় শতভাগ। শিশুদের শারীরিক দুর্বলতা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই হামের মতো সংক্রামক ভাইরাস প্রাণঘাতী রূপ নিচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি ভাইরাসের ‘বি৩’ সাবক্লেড ও মিউটেশনের বিষয়টি জিনোমিক নজরদারির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শিশুর পুষ্টি নিশ্চিত করতে বিশেষ ক্যাম্পেইন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।