উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কমলাপুরে এক নারী পথচারীর কানের দুল ছিনতাই করে তা গিলে ফেলার চেষ্টা করেছেন সাহেদ (২৫) নামের এক যুবক। তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটের দিকে কমলাপুরের মিয়ামি বাস কাউন্টারের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, এক নারী পথচারীর কান থেকে দুল ছিনিয়ে নিয়ে তা গিলে ফেলার চেষ্টা করেন সাহেদ। এ সময় কমলাপুর-১ এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করেন।
আটক সাহেদকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।