উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৬-এ বিজয়ী হয়েছেন কক্সবাজারের মিনহাজ উদ্দিন। সারাদেশ থেকে জমা পড়া প্রায় ১ হাজার ৩০০ প্রকল্পের মধ্য থেকে নির্বাচিত সেরা পাঁচটি প্রকল্পের অন্যতম এটি। বুধবার ১৯ আগস্ট এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুরের বাংলাদেশ ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মিনহাজ উদ্দিনের প্রস্তাবিত ‘কোস্টাল লাইফলাইন: বোটস ফর লাইভলিহুড অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স’ প্রকল্পটি মাতামুহুরী নদী ও সমুদ্রতীরবর্তী দুর্যোগ ঝুঁকিপূর্ণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে। এই প্রকল্পের আওতায় নৌকা প্রদানের মাধ্যমে পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের সময় জীবন রক্ষায় তা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় প্রতিটি সুবিধাভোগী পরিবারকে বছরে ২০টি করে গাছ লাগানোর অঙ্গীকারও করতে হবে।
মিনহাজ উদ্দিন দীর্ঘ সময় ধরে কক্সবাজারের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা ও পরিবেশ সংরক্ষণে কাজ করছেন। তিনি জানান, ২০১৫ সালে নদীভাঙনে নিজের বসতভিটা হারানোর অভিজ্ঞতা থেকেই উপকূলের মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি কক্সবাজারের জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য একটি টেকসই ও বাস্তবভিত্তিক সমাধান বাস্তবায়ন করতে চান।
এবারের চ্যালেঞ্জে বিজয়ী অন্য চার প্রকল্পের মধ্যে রয়েছে সাতক্ষীরার মো. হাবিবুল্লাহ আল মামুনের ‘উপকূল অঞ্চলের নিরাপত্তা’, খুলনার শুভ কুমার ঘোষের ‘সুন্দরবনের নারীদের সেলাই প্রশিক্ষণ’, রাজশাহীর সাবরিনা হকের ‘প্রজেক্ট উদয়’ এবং সিরাজগঞ্জের মো. আবদুল্লাহ রনির ‘অ আ ক খ স্কুল’। ২০১৭ সাল থেকে এলজি ইলেকট্রনিক্স সামাজিক সমস্যার টেকসই সমাধানে উদ্ভাবনী উদ্যোগগুলোকে আর্থিক অনুদান ও দিকনির্দেশনা দিয়ে আসছে।