উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছিল চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বৃহস্পতিবার দুপুরে এই ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করেন দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। বিকেলে তিনি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানতে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান জানান, বিএনপির বক্তব্যে আশ্বস্ত হয়ে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বিশ্বাস, আগামী রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হবে এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা হবে।
এর আগে দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটি জানিয়েছিল, জুলাই সনদের শর্ত না মানায় তারা এই নির্বাচনে ভোট দেবে না। তাদের মতে, ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় এই নির্বাচন কেবল জনগণের অর্থের অপচয় এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
উল্লেখ্য, এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এছাড়া রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন।