উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টির একাংশ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার তাকে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সব রাজনৈতিক দল ও মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
জাতীয় পার্টির নেতারা আরও বলেন, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তিনি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এছাড়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা পূরণে তিনি সর্বস্তরে সমন্বয় বজায় রাখবেন বলে তারা বিশ্বাস করেন।
পরিশেষে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তার দায়িত্বকালে বাংলাদেশ শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।