উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে কুপিয়ে গুরুতর আহত করার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে (নিটোর) তার মৃত্যু হয়।
গত ১৩ আগস্ট রাতে রাসেলের ওপর এই হামলার ঘটনা ঘটে। নিহতের স্ত্রী শিরিন আক্তারের অভিযোগ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে। রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পরিবারের।
ঘটনার পর শিরিন আক্তার জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, রাসেলের মৃত্যুর পর এই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাহিদ মোড়ল ক্ষুব্ধ ছিলেন। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।