উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের জ্বালানি খাতের আমূল পরিবর্তনে চট্টগ্রামের জুলদায় গড়ে উঠছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বেসরকারি রিফাইনারি। টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যালের এই মেগা প্রকল্পটি আগামী বছরের মার্চ মাসেই পূর্ণ শক্তিতে উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে দেশে বছরে ৬৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদার বিপরীতে দেশীয় উৎপাদন মাত্র ১৫ লাখ টন, যার ফলে বড় অংশই বিদেশ থেকে আমদানির ওপর নির্ভর করতে হয়।
নতুন এই কারখানাটি চালু হলে প্রতিষ্ঠানের বার্ষিক পরিশোধন সক্ষমতা ১৭ লাখ টন বেড়ে মোট ২২ লাখ টনে পৌঁছাবে। এতে সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের মোট চাহিদার ৫৭ শতাংশ তেল দেশেই পরিশোধন করা সম্ভব হবে। সুপার পেট্রোকেমিক্যালের দাবি, প্রকল্পটি পুরোদমে চালু হলে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসির বছরে প্রায় ২০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
বর্তমানে প্রকল্পটির কাজের অগ্রগতি ৮০ শতাংশ ছাড়িয়েছে এবং দৈনিক সক্ষমতা ১৬,৭০০ ব্যারেল থেকে বেড়ে ৫১,৭০০ ব্যারেলে দাঁড়াবে। শুধু পরিশোধন নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩ লাখ টন তেল সংরক্ষণের সক্ষমতাও তৈরি করছে টিকে গ্রুপ। নতুন এই রিফাইনারি থেকে ডিজেল, ফার্নেস অয়েল ও মেরিন ফুয়েল উৎপাদিত হবে, যা দেশের শিল্প ও নৌ-যোগাযোগ খাতে নতুন গতির সঞ্চার করবে।