উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তবে ভবিষ্যতে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে এই বিতর্কিত অনুচ্ছেদটি বিলোপ বা কবর দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনী ফলাফলে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী ড. অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। চিফ হুইপ জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বর্তমান নির্বাচন পর্যন্ত সব কার্যক্রম বিদ্যমান সংবিধান মেনেই পরিচালিত হয়েছে।
গত ১৭ বছর পর মানুষ ভোটদানের প্রকৃত আমেজ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন নূরুল ইসলাম মণি। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বিনিময় রাজনীতিতে সুস্থ ধারার ফিরে আসার ইঙ্গিত দেয়। নির্বাচনে হার-জিত জেনেও অংশগ্রহণ করায় বিরোধী দলকে তিনি সাধুবাদ জানান।
সংবাদ সম্মেলনে নির্বাচনে ছয়জন সংসদ সদস্যের অনুপস্থিতি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন চিফ হুইপ। তিনি জানান, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে মির্জা আব্বাস, কামাল পাশা, ড. ওসমান ফারুক, আব্দুল হান্নান, রুমিন ফারহানা এবং গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারেননি। এর মধ্যে অনেকেই চিকিৎসার জন্য দেশের বাইরে বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।