উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের গায়ে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার পটিয়ার পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে হালিম খাঁর চর এলাকার হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলে প্রায় ২০ হাজার পিস মেয়াদোত্তীর্ণ ডায়াপার পাওয়া যায়, যেগুলোর গায়ে কৌশলে তারিখ পরিবর্তন করা হয়েছিল। জব্দকৃত এসব ডায়াপারের বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা, যা পরে ধ্বংস করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্যের তারিখ পরিবর্তন করা বড় ধরনের প্রতারণা। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে পাচুরিয়া মোড় এলাকার খাজা হোটেলকে ৫ হাজার এবং ক্যাফে ফুলবন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এই অভিযান পরিচালনা করেন।