উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী এক বিবৃতিতে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
চরমোনাই পীর বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হয়। সেই লক্ষ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার আগেই বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন, যা ইতিবাচক। তিনি রাষ্ট্রপতির কাছে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান।
মুফতি রেজাউল করীম নবনির্বাচিত রাষ্ট্রপতিকে একজন পরীক্ষিত ও সৎ মানুষ হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, যে আশাবাদ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে যাচ্ছেন, তিনি তা সফলভাবে কাজে রূপান্তর করতে সক্ষম হবেন।