উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে নানা সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে পৌর স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শহরের বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মানিকগঞ্জ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন করা হয় এবং কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের দীর্ঘ পথচলার গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস স্মরণ করে বলেন, "সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে কাজ করে আসছে।" ভবিষ্যতেও জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।