উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদ থেকে লিখিত পদত্যাগপত্র জমা দিলে এই রদবদল কার্যকর হয়।
দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে এই পদে মনোনীত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও কেন্দ্রীয় কার্যালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় হাই কমান্ড তাঁর ওপরই আস্থা রেখেছে।
২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে যাত্রা শুরু করা মির্জা ফখরুল ২০১৬ সালের কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় ধরে দলের অন্যতম প্রধান মুখ হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের বিদায়ের পর রিজভীর এই নিয়োগকে আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, চলতি বছরের শেষ দিকে বিএনপি জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করছে। সেই কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিবের নাম চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।