উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় তিন দশক পর ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগরে অবস্থিত বেদে পল্লীতে পরিদর্শনে যান ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি এই জনপদের বাসিন্দাদের সাথে কথা বলে তাদের জীবনযাত্রা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
জেলা প্রশাসকের উপস্থিতিতে পল্লীর ৬৩টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়া ১২ জনকে ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ১১৩ জনকে শাড়ি ও থ্রিপিস এবং ২০০ শিশুকে খেলনা উপহার দেওয়া হয়।
বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসক ৫ লক্ষ টাকার প্রকল্প, খাস জমি বরাদ্দ এবং ২৫টি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
এদিন ধামরাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন জেলা প্রশাসক। এছাড়া প্রতিবন্ধীদের হুইলচেয়ার, উদ্যোক্তাদের ঋণ এবং অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।