উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের পরিচয় ব্যবহার করে ভেজাল ভেষজ ওষুধের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন তানভির আলম ওরফে রাহাত ও মো. নূরনবী ইসলাম ওরফে মানিক।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং সাতটি ভুয়া ভেষজ ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ডা. কামরুলের ব্যক্তিগত সহকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্ত করা হয়। ভুয়া ফেসবুক পেজ খুলে তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছিল।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।