উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরিকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি থেকে এই বিভ্রান্তির সৃষ্টি হয়।
সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস জানান, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো হয়েছিল মাত্র। তিনি ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করলেও নিজে ধর্ম পরিবর্তন করেননি বলে স্পষ্ট করেছেন।
কার্লোস জানান, প্রায় দুই বছরের সম্পর্কের পর তিনি সোহাইলা তাহিরিকে বিয়ে করেন। ৫৩ বছর বয়সী এই ফুটবলারের এটি তৃতীয় বিয়ে এবং এর আগেও তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা তথ্য আলোচনায় এসেছে।
উল্লেখ্য, কার্লোসের পরিবারের সদস্যরা ক্যাথলিক ধর্মাবলম্বী। বিয়ের অনুষ্ঠানে উভয় পক্ষের রীতিনীতি মেনে চলায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, তবে বাস্তবে তিনি ইসলাম গ্রহণ করেননি বলে নিজেই নিশ্চিত করেছেন।