উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। পাশাপাশি সীমান্ত সমস্যা, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা এবং জ্বালানি সংকটের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ক্যাপস্টোন কোর্সের গুরুত্ব তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের এই মিলনমেলা জাতীয় নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। তাদের অর্জিত জ্ঞান দেশের চলমান সমস্যা সমাধানে নতুন পথ দেখাতে পারে।
অনুষ্ঠানে এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানসহ সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।