উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক বলেন, আওয়ামী লীগ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেও অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। ১৯৭১ সালে ভয়াবহ গণহত্যা ও লুটপাটের দায়ে এবং দেশে উগ্রবাদ প্রতিরোধে জামায়াত-শিবিরের নিষিদ্ধ হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফ্যাসিস্ট। সুযোগ না পেলেও জামায়াত যে ধরনের তাণ্ডব চালিয়েছে, তাতে তাদের অতীতের দখলদারত্বের ইতিহাস সামনে এসেছে। তারা বর্তমানে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলের চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে বৈশ্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। জামায়াতের নৈতিক অধঃপতন হয়েছে দাবি করে তিনি দলটির নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান। উগ্রবাদী এই গোষ্ঠীকে সমাজ ও দেশের স্বার্থে এখনই প্রতিহত করার ওপর জোর দেন তিনি।