উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের সংসদকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করছে এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন।
সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে বিএনপির প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় ভোট গ্রহণের আগেই কার্যত নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলের বিরোধীদলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লড়ছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
নাহিদ ইসলাম জানান, তাঁরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচন যাতে প্রতিযোগিতামূলক হয় সেই উদ্দেশ্যেই তাঁরা প্রার্থী দিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সরকারি দল যেন এককভাবে তাদের দলীয় প্রার্থী নির্বাচিত করতে না পারে, সে জন্যই তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও কাজের ক্ষেত্রে আগের ব্যবস্থাই অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি।
বিরোধীদলীয় এই চিফ হুইপ আরও বলেন, সরকার গণভোটের রায়, জনগণ ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আবারও ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতাই বজায় থাকছে।