উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ২০ আগস্ট বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় ফিলিং স্টেশনের টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যানে নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ডাকাত দল পথরোধ করে এই অর্থ লুট করে।
তদন্ত চলাকালীন পূর্বের দুটি মামলার নথি যাচাইয়ের ভিত্তিতে গত ১৬ আগস্ট দিবাগত রাতে হাকিমকে গ্রেপ্তার করে র্যাব। তার বাসা থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাফ ও একটি ওয়ারলেস সেট উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট সকালে উত্তরা থেকে কাওসারকে এবং ১৮ আগস্ট দিবাগত রাতে রাঙ্গামাটির কাপ্তাই এলাকা থেকে জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার চারবাগ মধ্যপাড়া এলাকা থেকে ৫৩ লাখ টাকার মধ্য থেকে ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল জানায়, প্রায় আড়াই মাস আগে মতিঝিলে সংগঠিত ১৭ লাখ টাকার একটি ডলার ডাকাতির ঘটনাতেও সে এবং তার চক্র জড়িত ছিল। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৯ আগস্ট তুরাগ থানার কামারপাড়া ফলের আড়তে বিশেষ অভিযানে সংঘবদ্ধ চাঁদাবাজির সঙ্গে জড়িত চক্রের ১২ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত এক মাসে র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে এবং এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও র্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।