উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ নিজের ভোট নিজে দিতে পারছেন না।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী কেবল জাতীয় সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটার হতে পারেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ হারাচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই প্রদান করতে পারবেন।
আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় বর্তমানে ওই আসনটি ফাঁকা রয়েছে। বর্তমান সংসদে সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর হাতে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন রয়েছে।
উল্লেখ্য, গত ৬ আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এরপর গত ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমেদ উভয়েরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।