উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে এমএসএফ-এর আন্তর্জাতিক সভাপতি পাশাপাশি বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের রিজিওনাল হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স লিড আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশে এমএসএফ-এর চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে বাংলাদেশে এমএসএফ-এর কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ায় এমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকটের সময় মানুষের জীবন রক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে এমএসএফ-এর বিভিন্ন মানবিক কার্যক্রম এবং মাঠপর্যায়ে তাদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রমের অভিজ্ঞতা, মানবিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের সম্ভাবনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করে। সাক্ষাতে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় ভবিষ্যতে স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, জরুরি চিকিৎসাসেবায় সক্ষমতা বৃদ্ধি এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফ-এর কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।