উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বঙ্গভবন থেকে পাঠানো এক ভিডিওতে তার গাড়িবহর বের হয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
বিদায়ের আগে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়ের সময় তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। পরে কঠোর প্রটোকলের মধ্য দিয়ে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। এদিকে দুপুর ২টা থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।